যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থায় দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের দ্রুত অঞ্চলটি ছাড়ার পরামর্শ দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম জিনা জানিয়েছেন, গত মার্চ থেকেই মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির অবনতির কারণে স্বল্পমেয়াদে অবস্থানরত নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্য ত্যাগের আহ্বান জানানো হয়েছে।
ইরানের পাল্টা হামলার পাশাপাশি সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনাও বেড়েছে। এ পরিস্থিতিতে লোহিত সাগর দিয়ে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সিউল।
এদিকে সোমবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে গুলির ঘটনা ঘটলে তাতে আগুন ধরে যায়। পরে জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। তবে গুলি কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন হামলায় ইরানের তাবরিজ শহরে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
রবিবার (১৯ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রশাসন জানিয়েছে। মার্কিন পঞ্চম নৌবহরের সহযোগী দেশ বাহরাইন দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।
অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









