বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। চার বছরেরও কম সময়ে তিনি দেশটির চতুর্থ এবং এক দশকের মধ্যে ষষ্ঠ প্রধানমন্ত্রী হলেন।
যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে লেবার পার্টির নেতৃত্ব গ্রহণ করেন বার্নহ্যাম। এরপর সোমবার তিনি বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান। এর কিছুক্ষণ আগে কিয়ার স্টারমার রাজার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম সরাসরি ১০ ডাউনিং স্ট্রিটে যান। সেখানে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেওয়ার আগে গণমাধ্যমের উদ্দেশে বক্তব্য রাখেন।
প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত এবং বারবার অবস্থান পরিবর্তনের কারণে কিয়ার স্টারমার লেবার পার্টির অনেক সংসদ সদস্য ও কয়েকজন মন্ত্রীর সমর্থন হারান। রাজনৈতিক অস্থিরতার মধ্যে তাকে সরানোর লক্ষ্যেই সহযোগীদের উদ্যোগে আয়োজিত উপনির্বাচনের মাধ্যমে সংসদে ফিরে আসেন বার্নহ্যাম।
দল থেকে অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না নামায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সীমিত পর্যালোচনার মধ্য দিয়ে তিনি লেবার পার্টির নেতা এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এর আগে ২০২২ সালেও একই ধরনের পরিস্থিতিতে ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন। যদিও দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ আগে তিনি লিজ ট্রাসের বিরুদ্ধে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ট্রাসের শেষ মন্ত্রিসভায় দায়িত্বও পালন করেছিলেন।
অ্যান্ডি বার্নহ্যাম এর আগে যুক্তরাজ্যের সংসদ সদস্য (এমপি) ও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি সংসদীয় আসন ছেড়ে দেন।
সূত্র : দ্য গার্ডিয়ান


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









