ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা করেছে।
সোমবার (২০ জুলাই) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে লোহিত সাগরের নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার দেওয়া এক বিবৃতিতে হুতিরা জানায়, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নৌ অবরোধ কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ’ আরোপ করেছে, তার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।
বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল পুরোপুরি ব্যাহত হলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাদের ধারণা, এ রুট বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। কারণ, সৌদি আরবের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়।
এর আগে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ইতোমধ্যে প্রায় ১০ শতাংশ কমেছে বলে বিশ্লেষকদের পর্যবেক্ষণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









