ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল শুক্রবার দেশব্যাপী ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
চলমান আন্দোলনের অন্যতম প্রধান মুখ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে বিশ্রামের জন্য সাময়িকভাবে আন্দেলন থেকে বিরতি নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দীপকে নিজেই এই তথ্য জানিয়েছেন।
দীপকে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি। আজ যন্তর মন্তরে আমার সাথে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।’
অন্যদিকে আন্দোলন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোদি লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠনটি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য একটি স্মারকলিপির খসড়া প্রকাশ করেছে।
স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
সিজেপির নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে।
বর্তমানে দিল্লির জন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সিজেপির আন্দোলন চলছে।
এদিকে আন্দোলন চলমান থাকলেও কেন্দ্রীয় সরকার আবারও সংগঠনটির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠক করতে পারে।
সরকার বিরোধী দলগুলোকে জানিয়েছে, পদত্যাগের মতো কোনো পূর্বশর্ত ছাড়াই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডাও পুনরায় বলেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি জানান, সংগঠনের প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন বা দপ্তরে গিয়ে বৈঠক করতে পারেন।
তবে সিজেপি জানিয়েছে, যেহেতু তাদের আন্দোলন জন্তর মন্তরে চলছে, তাই আলোচনাও সেখানেই বা এর আশপাশে হতে হবে। সরকারের প্রস্তাবিত বৈঠকের স্থান তারা প্রত্যাখ্যান করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









