ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
রবিবার (২৬ জুলাই) ভোরে হওয়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কেরমান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান গোলাম রেজা নেজাদ খালেগি জানান, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির পরিস্থিতি যাচাই করতে মূল্যায়ন দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক প্রতিবেদনে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ইরানের ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৩টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বার্দসির কাউন্টি, যা প্রাদেশিক রাজধানী কেরমান শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
সাম্প্রতিক সময়ে ইরানে কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত মে মাসে তেহরানের কাছাকাছি এলাকা এবং মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ঘটনাতেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









