মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম।
রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে যাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধ কর্তৃপক্ষও এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর ঘিরে সাভার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির চলাচলের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে না। তবে ধীরগতির ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









