সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকের দিক থেকে ছোড়া সব ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে এবং কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। তার দাবি, তাদের বাহিনী সৌদি আরবের একাধিক তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে।
অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালকবিহীন উড়োজাহাজ ও ড্রোন পাঠানো হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সব ড্রোন ধ্বংস করেছে এবং কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে। পাশাপাশি উপযুক্ত সময় ও পরিস্থিতিতে এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকারও দেশটির রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত, পাকিস্তান, সিরিয়া ও ওমান।
বিশ্লেষকদের ধারণা, এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









