বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত, সংস্কারের চাপ ও আস্থার সংকটের মধ্যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরিকে একটি সংকটে থাকা আন্তর্জাতিক সংস্থাকে নতুন করে শক্তিশালী করার দায়িত্ব নিতে হবে।
জাতিসংঘ নতুন মহাসচিব নির্বাচনের জন্য প্রার্থী খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাটি বর্তমানে নানা বৈশ্বিক সংকটের মুখে রয়েছে। আগামী মহাসচিবকে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের অবস্থান শক্তিশালী করা এবং প্রয়োজনীয় সংস্কারের চাপ মোকাবিলা করতে হবে।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক ভোটে সাবেক কোস্টারিকান ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে রয়েছেন। তবে এ পদে আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত এক দশক ধরে জাতিসংঘের নেতৃত্ব দেওয়া আন্তোনিও গুতেরেসের পর যিনি দায়িত্ব নেবেন, তাকে বিশ্বজুড়ে চলমান সংঘাত, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বাড়তে থাকা সমালোচনা এবং বিভিন্ন রাজনৈতিক চাপ সামলাতে হবে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের গোপন ভোটে গ্রিনস্প্যান ১০টি ‘উৎসাহ দেওয়ার’ ভোট পেয়েছেন। সাবেক গায়ানার পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট পেয়েছেন ৯টি ভোট। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি সাত প্রার্থীর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এই অনানুষ্ঠানিক ভোটে সদস্য দেশগুলো প্রতিটি প্রার্থীর বিষয়ে ‘সমর্থন’, ‘বিরোধিতা’ অথবা ‘কোনো মত নেই’—এ ধরনের অবস্থান জানায়। ভোট হয় গোপন ব্যালটে।
মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এসব দেশের প্রত্যেকেরই ভেটো ক্ষমতা রয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, এ ধরনের ভোটের একাধিক ধাপ হতে পারে। সাধারণত গ্রীষ্মকালজুড়ে ভোট চলার পর সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়। তবে ঐকমত্যের প্রার্থী না পাওয়া গেলে প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে।
এ ছাড়া প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, সাবেক চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, সাবেক ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপিনোসা এবং উগান্ডার কূটনীতিক ওলার ওতুন্নু। গত সপ্তাহে ওতুন্নু প্রার্থিতার ঘোষণা দেন।
নির্বাচন প্রক্রিয়া চলাকালে আরো নতুন প্রার্থী যোগ হতে পারেন।
বিবিসি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









