যুক্তরাষ্ট্রের উন্নত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ভেতরে উৎপাদনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এত গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি অন্য দেশের হাতে তুলে দেওয়া অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
জানা গেছে, জুলাইয়ের শুরুতে তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রযুক্তি উৎপাদনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। সে সময় ট্রাম্প নীতিগতভাবে ইতিবাচক ইঙ্গিত দিলেও, গত সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত আরেক বৈঠকে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।
বৃহস্পতিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্টের সরকারি অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, “এটা একটা বড় পদক্ষেপ, বিশেষ করে প্রেসিডেন্ট জেলেনস্কির ক্ষেত্রে। তিনি কিছু প্যাট্রিয়ট পেতে চান, কিছু টমাহকও পেতে চান। একটি রক্ষণাত্মত, অপরটি আক্রমণাত্মক।”
“মাঝে মাঝে আমাদের সবাইকেই বিচক্ষণতা ও সতর্কতার মাত্রা অনেক বেশি বাড়াতে হয়। এটাও সে রকমই একটি ব্যাপার। আমরা যদিও (ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে) এই নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু (ইউক্রেনকে) এ ধরনের প্রযুক্তি হস্তান্তর করা খুব কঠিন একটি কাজ। যদি আমি কারো সম্পর্কে নেতিবাচক কিছু ভাবতে চাই না, কিন্তু আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক রাজনীতিতে এমন বহু মানুষ রয়েছে, যাদের হাতে এ ধরনের উন্নত প্রযুক্তি তুলে দিলে একসময় তারা আপনার বিরুদ্ধে চলে যাবে।”
সম্প্রতি ইউক্রেনে দূর, মাঝারি ও স্বল্প পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার বাড়িয়ে দিয়েছে রাশিয়া; আর রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই আটকে দিয়ে ধ্বংস করার কাজটি সবচেয়ে দক্ষভাবে করতে সক্ষম প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো এখনও এত দক্ষ হয়ে ওঠেনি।
রুশ ক্ষেপণাস্ত্র আটকাতে ইউক্রেন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমই ব্যবহার করে, তবে হামলাকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য যে পিএসি-৩ নামের বিশেষ ক্ষেপণাস্ত্র প্রয়োজন, সেগুলোর সংকট দেখা দেয় প্রায়েই। এ কারণে ইউক্রেন দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণভাবে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং পিএসি-৩ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রে কাছে অনুমতি চাইছে।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









