যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) তো নয়ই, অদূর ভবিষ্যতেও ওয়াশিংটনের সঙ্গে কোনো বৈঠক বা আলোচনার পরিকল্পনা নেই।
রবিবার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ৩ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে।
তিনি বলেন, ‘‘এবারের আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টিও গুরুত্ব পাবে।”
তবে ট্রাম্পের এ বক্তব্যের একদিনের মধ্যেই সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই স্পষ্টভাবে তা নাকচ করে দেন।
তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হচ্ছে না এবং শিগগিরই এ ধরনের কোনো বৈঠকের সূচিও নির্ধারিত হয়নি। পাশাপাশি কোনো বিদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানানো বা ইরানের কোনো প্রতিনিধিদলকে বিদেশে পাঠানোর পরিকল্পনাও বর্তমানে নেই।”
বাঘায়েই আরও জানান, ইরানের আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ছাড়া বাকি সদস্যরা বর্তমানে দেশে রয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ধর্মীয় তীর্থযাত্রায় বর্তমানে ইরাকে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলতি সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনাও নেই।
রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার প্রশ্নই ওঠে না।
অন্যদিকে রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘যুক্তরাষ্ট্র যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।”
তিনি বলেন, ‘‘ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা সংঘাত এড়াতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, ‘‘আমি একটি চুক্তি চাই, কারণ আমি মানুষ হত্যা করতে চাই না। চুক্তি না হলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে, আর আমরা তা চাই না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









