ফরিদপুরের সদরপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রবিবার (৩ আগস্ট) ভোরে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছিরামদী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগা দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের মানুষ ছুটে এসে দোকানে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। তবে পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতেও দ্রুত আগুনের শিখা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে
এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, মো. সাইফুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. সাত্তার মিয়া, মো. ফারদিন হোসেন, মো. এনায়েত হোসেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মুদি দোকান এবং দুইটি ফার্মেসি ও একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান ছিল।
সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার ইলিয়াছ হোসেন মোল্লা বলেন, “এক ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ও পাশের দোকানগুলো থেকে ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









