গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা দিতে তিনি প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে এ ব্যতিক্রমী আয়োজন করেন মাহাবুব আলম। দুধ দিয়ে গোসল শেষে তিনি তার মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর সম্পৃক্ত না হওয়ার শপথ নেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন নেতার এমন প্রতীকী বিদায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।
মাহাবুব আলমের পরিবারের সদস্যরা জানান, তার এই সিদ্ধান্তে তারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন রাজনীতি করেও মাহাবুব ব্যক্তিগতভাবে কোনো সুফল পাননি। বরং নানা হয়রানি ও কারাভোগের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই রাজনীতি ছেড়ে স্বাভাবিকভাবে কাজ করে সংসার পরিচালনার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন।
মাহাবুব আলম বলেন, ‘‘২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করেছি। কিন্তু দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজের দলের কিছু নেতাকর্মীর কাছ থেকেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন-যৌবনের বড় একটা সময় ব্যয় করেছি, সেই রাজনীতি আমাকে অপমান, হয়রানি ও কারাভোগ ছাড়া কিছুই দেয়নি। তাই চিরতরে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









