ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকেই দর্শকমহলে আলোচনার কেন্দ্রে রয়েছে ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। গল্প, অভিনয় ও নির্মাণশৈলী নিয়ে কেউ প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে ইতিবাচক-নেতিবাচক সব ধরনের প্রতিক্রিয়ার মধ্যেও সিরিজটি দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিরিজটির পরিচালক রুচির অরুণ দর্শকদের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য দ্বিতীয় সিজন নিয়ে কথা বলেন। তিনি জানান, দর্শকদের এই ব্যাপক আগ্রহকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।
রুচির অরুণের ভাষ্য, দর্শক গল্পের চরিত্রগুলোর মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন বলেই সিরিজটি এত বেশি আলোচনায় এসেছে।
তিনি বলেন, ‘‘এমন একটি প্রেমের গল্পের অপেক্ষায় ছিলেন দর্শক। সুধা, চন্দর ও প্রীতির চরিত্রে অনেকেই নিজেদের জীবনের প্রতিফলন দেখতে পাচ্ছেন। সুন্দর গল্প, মেদহীন চিত্রনাট্য এবং স্বাভাবিক অভিনয়—সব মিলিয়ে সিরিজটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে।’’
প্রথম সিজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটি অঙ্গনে যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, সেটিই নির্মাতাদের নতুন করে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।
দ্বিতীয় সিজনের বিষয়ে পরিচালক বলেন, ‘‘দর্শকদের আগ্রহ বিবেচনায় ‘মুসাফির ক্যাফে ২’ অবশ্যই আসবে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কিছু জানাতে চাননি।’’
তিনি বলেন, ‘‘এর জন্য আগে গল্প লিখতে হবে, নির্মাণ করতে হবে, তারপর সম্পাদনার কাজ শেষ করতে হবে। সবকিছু ঠিকঠাক হলে আবারও দর্শকদের কাছে ফিরব।’’
যদিও দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবুও পরিচালকের এই মন্তব্যে সিরিজটির নতুন কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









