ভারতের ঝাড়খণ্ডে তীব্র বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে সামা টিভি জানায়, চলমান মৌসুমি বৃষ্টির মধ্যে খোলা মাঠে কাজ করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। একই সময়ে দেশটির একাধিক রাজ্যে বন্যায় প্রাণহানি বাড়ার খবর পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার কৃষক। তারা ফসলের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। মঙ্গলবারের (৪ আগস্ট) এই দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঝাড়খণ্ডে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালে শুধু ঝাড়খণ্ডেই বজ্রপাতে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
এদিকে বর্ষার প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত প্রায় ৯০ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









