ব্যাংককর্মীকে অপহরণ, মারধর, ছিনতাই ও চাঁদা দাবির মামলায় অভিযুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপি ও সদস্যসচিব আখতার হোসেন এমপির নির্দেশক্রমে তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে তাকে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় প্রমাণাদি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ, মারধর ও অর্থ ছিনতাইয়ের অভিযোগে শওকত ইমরানের বিরুদ্ধে সম্প্রতি বগুড়া সদর থানায় একটি মামলা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে দলটির কেন্দ্রীয় কমিটি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









