রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকায় কালভার্টের নিচের ময়লার স্তূপ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে শরীরের এ অংশগুলো উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করছে পুলিশ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্ট এলাকা থেকে শপিং ব্যাগটি উদ্ধার করে। তবে দেহাংশের বাইরে শরীরের বাকি অংশ এখনও মেলেনি। সেগুলোর সন্ধানে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর পরিচয় গোপন ও লাশ গুমের উদ্দেশ্যে মরদেহ খণ্ডিত করে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সাথে অপরাধীদের শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে সবুজবাগ থানা পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









