তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠন এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, রায়পুরার ২৪টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পাশাপাশি উপজেলায় একটি নান্দনিক ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য হযরত আলী ভুইয়ার সভাপতিত্বে আনন্দঘন ও মনোরম পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি উৎসাহিত করার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিকভাবে তৈরি করার চমৎকার উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে উঠে আসা তরুণরা ভবিষ্যতে দেশ-বিদেশে খেলাধুলা করে দেশের সুনাম বয়ে আনবে।
পরবর্তীতে তিনি খাকচক প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল খেলায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানগুলোতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, নাজমুল হক ভুইয়া মোহন, আব্দুল বাতেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









