রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের জাহাজগুলোর চলাচল বন্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দূরপ্রাচ্যে নৌ মহড়া পর্যবেক্ষণের সময় পুতিন রুশ জাহাজ চলাচলে ইইউর সম্ভাব্য বিধিনিষেধকে ‘জলদস্যুতা’ হিসেবে উল্লেখ করেন।
পুতিন বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে মস্কোও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। পরিস্থিতি অনুযায়ী যেখানে এবং যেভাবে প্রয়োজন, সেখানেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি রপ্তানিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব বহরে এমন অনেক জাহাজ রয়েছে, যেগুলো কোনো দেশের পতাকা ছাড়াই চলাচল করে অথবা যেগুলোর নিবন্ধন ও প্রকৃত মালিকানা স্পষ্ট নয়।
ইইউর পরিকল্পনা বাস্তবায়িত হলে রাশিয়ার তেল পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে এর প্রভাব পড়তে পারে। এরই প্রেক্ষাপটে ইউরোপীয় জাহাজ জব্দসহ পাল্টা পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পুতিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









