ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের জাহাজটিতে একজন বাংলাদেশি নাবিক ছিলেন।
জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। এতে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। জাহাজের ২৪ জন নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়।
জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার অনুরোধ করে।
এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ওই এলাকার অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









