হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছে কলকাতা পুলিশ।
শুক্রবার একটি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগেও মমতা ও সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তবে আদালত রাস্তার একটি অংশ যান চলাচলের জন্য খোলা রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছিলেন। পুলিশের অভিযোগ, আদালতের সেই নির্দেশ মানা হয়নি এবং নির্ধারিত সময়ের পরও কর্মসূচি চালিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, এ ঘটনায় কলকাতার হেস্টিংস থানায় মমতা বন্দোপাধ্যায় এবং অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য, পুলিশের কাজে বাধা, ধস্তাধস্তি এবং নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এই এফআইআর দায়ের করা হয়েছে।
হাইকোর্টের অনুমতি অনুযায়ী শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করে কালীঘাট শিবির। আদালত শর্তসাপেক্ষে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলেন। একই সঙ্গে রাস্তার একটি অংশ খোলা রাখার নির্দেশ ছিল।
পুলিশের দাবি, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনুষ্ঠান চলতে থাকে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ও সভার আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
পুলিশ আরও জানিয়েছে, সভা চলাকালে মমতার বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে ক্যাথিড্রাল রোডের ঘটনায় মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, সাবেক মুখ্যমন্ত্রী হাইকোর্টের নির্দেশ ভঙ্গ করেছেন। একই সঙ্গে মমতার বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
শুভেন্দু বলেন, “দেখলেন না আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের অর্ডারকে ভাঙলেন! রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নিচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন! আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্ট্রার করতে এবং তার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। ছাড়া হবে না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









