মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার ব্যয় করে আরও বোয়িং উড়োজাহাজ কিনছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর।
রবিবার (৩০ আগস্ট) সামাজিক মাধ্যম এক্স-এ তিনি এক পোস্টে এই দাবি করেন। এতে তিনি বলেছেন, ‘‘প্রাথমিকভাবে বোয়িংয়ের যত অর্ডার দেওয়া হয়েছিল সেটি উল্লেখযোগ্য হারে বাড়বে।’’
একই পোস্টে তিনি দাবি করেন, ‘‘এই সপ্তাহেই কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে আরও বোয়িং উড়োজাহাজ কেনার অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি দারুণ চুক্তি করেছেন।’’
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ গত ৩০শে এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে। তখন বোয়িং থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল। এখন সেই সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে সার্জিও গর-এর এক্স-এ দেওয়া পোস্ট।
যদিও বিমান বাংলাদেশের মুখপাত্র মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, উড়োজাহাজ নিয়ে বিমানের সাথে বোয়িং এর প্রকাশ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে, যেখানে গোপন কিছু নেই।
"এর সাথে যোগ করার মতো আর কোনো তথ্য আমাদের জানা নেই," ওই চুক্তির বাইরে আরও বোয়িং কেনা হচ্ছে কি-না কিংবা সার্জিও গর তার পোস্টে যা দাবি করেছেন তা নিয়ে করা প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে বলেছেন তিনি।
এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসকে ই-মেইল করা হয়েছে। এর জবাবে তারা ধন্যবাদ জানিয়ে পাল্টা ই-মেইল পাঠালেও সার্জিও গর এর দাবি মতো চুক্তিটি কখন কোথায় হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য তারা দেয়নি।
সূত্র: বিবিসি বাংলা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









