বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী ও র্যাপার বাদশা ও অভিনেত্রী ইশা রিখি। এর আগে তাদের বিয়ের বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বাদশা এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। যদিও ঈশা আগেই তাদের সম্পর্ক এবং বিয়ের কথা নিশ্চিত করেছিলেন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে বাদশা জানান, তারা দু’জনে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আবেদন জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা লেখেন, “পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সকলের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি।” এই প্রথম তাদের দাম্পত্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বাদশা।
এর আগে জুলাই মাসে ঈশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। তার সেই পোস্টের পরেও ব্যক্তিগত জীবনে সমস্যা নিয়ে জল্পনা আরও বাড়ে। ঈশা জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ভয় এবং মানসিক চাপের মধ্যে ছিলেন। তার স্বামীর ‘প্রভাব এবং ক্ষমতা’র কারণেই তিনি এমন পরিস্থিতির মধ্যে ছিলেন বলে ইঙ্গিত করেছিলেন অভিনেত্রী।
নীরব থাকা যে পরিস্থিতিকে মেনে নেওয়ার লক্ষণ নয়, বরং টিকে থাকার একটি উপায় ছিল— সেই ইঙ্গিতও দিয়েছিলেন ঈশা। পাশাপাশি, সব কিছু ঠিকঠাক রয়েছে এমন ভান না করে নিজের বক্তব্য প্রকাশ্যে জানানোর জন্য তিনি প্রস্তুত বলেও ইঙ্গিত করেছিলেন।
সূত্র: আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









