গ্রিসের রাজধানী এথেন্সের কাছে একটি এয়ার শোতে অংশ নেওয়ার সময় দেশটির একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির তানাগ্রা বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুই গ্রিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুই আসনের এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি তানাগ্রা বিমানঘাঁটি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুই পাইলটই নিহত হন। তবে মাটিতে থাকা কোনো দর্শনার্থী, স্থানীয় বাসিন্দা বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রচার করা ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি মাটির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে উড়ে ডান দিকে বাঁক নিচ্ছিল। এর কয়েক সেকেন্ড পরই সেটি মাটিতে আছড়ে পড়ে এবং আগুনের বিশাল গোলায় পরিণত হয়।
দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া আগুন পাশের বনাঞ্চলেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টার কাজ করে। বিমানঘাঁটির লাউডস্পিকার থেকে মানুষকে ঘটনাস্থল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী ইআরটিকে বলেন, ‘আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। বিমানটি আকাশে ওঠার তিন মিনিটও হয়নি।’
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
তানাগ্রা বিমানঘাঁটিতে চলছিল এথেন্স ফ্লাইং উইক—গ্রিসের বার্ষিক একটি বড় বিমান প্রদর্শনী। এতে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক বিমান চলাচলকারী দল অংশ নেয়। এয়ার শোতে প্রদর্শনী উড্ডয়নের সময়ই এফ-৪ ফ্যান্টমটি দুর্ঘটনার শিকার হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









