সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।
বাংলাদেশ সময় রবিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা তাদের দেশ ও জনগণের ওপর আগ্রাসন পরিচালনা করছিল বলে দাবি করেন তিনি। তবে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময় উল্লেখ করেননি ইয়াহিয়া সারে।
গত সপ্তাহে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর লড়াই শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীকে সব ধরনের সহায়তা করে সৌদি আরব।
হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেন তাদের অভিযানে কোনো হস্তক্ষেপ না করে।
শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান ট্রাম্প। সেখানে তাকে হুথিদের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা যুক্তরাষ্ট্রকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেছে।
হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে হরমুজকে পাশ কাটিয়ে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহে সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে। সৌদির তেল পাইপলাইনে হামলার বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এর পেছনে ইরান জড়িত থাকতে পারে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









