জেনেভায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা অনলাইন।
রাষ্ট্রীয় টিভিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছে, আলোচনা চলছে, উভয় পক্ষই মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সাথে তাদের মতামত ভাগ করে নিচ্ছে।
তিনি আরো জানান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু পারমাণবিক-সম্পর্কিত বিষয়। ইরান এবং আইএইএর মধ্যে সোমবার আলোচনা হয়েছিল এবং মঙ্গলবার মার্কিন প্রতিনিধিদল ও আইএইএর মহাপরিচালকের মধ্যেও একই রকম আলোচনা হচ্ছে।
বাঘাই জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘে একটি আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ইরানের অবস্থান উপস্থাপন করবেন।
দ্বিতীয় দফার আলোচনা এমন সময় শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে আরো একটি যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন যে, ইরানের ওপর যেকোনো হামলার পরিণতি হবে একটি আঞ্চলিক যুদ্ধ।
চলতি মাসের শুরুতে ওমানে প্রথম দফায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে পরমাণু আলোচনা হয়েছিল। ওই সময় আলোচনা ভাল হয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









