ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সরকার যত পদক্ষেপই নিক, সংবিধান রক্ষা ও জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখার আন্দোলন থেকে তারা সরে আসবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, ‘‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’’
ভিডিওবার্তায় রাহুল বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন। ফলে তাদের কার্যক্রম সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে বলে দাবি করেন তিনি।
রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের মতো ব্যক্তিরা ধীরে ধীরে চাপে পড়ছেন। তিনি বলেন, ‘‘আমরা তাদের ঘিরে ধরছি।’’
বিক্ষোভকারীদের উদ্দেশে কংগ্রেস নেতা বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করা হলেও তারা আন্দোলন থেকে পিছু হটবেন না।
তিনি বলেন, ‘‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’’
রাহুল গান্ধীর দাবি, তাদের হাতে প্রয়োজনীয় তথ্য রয়েছে। ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ভারতের তরুণদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সংবিধানের ওপর আঘাত হেনেছেন, তাদের পরাজিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
গত ১০ থেকে ১৫ বছরে ভারতে যা ঘটেছে, ভবিষ্যতে যেন আর কখনো এমন পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রাহুল গান্ধী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









