মুঠোফোনের আসক্তি কমিয়ে বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বইপড়া উৎসব-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছে ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। এ ছাড়া প্রতিটি ক্যাটাগরিতে আরও নয়জন করে শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও বই দেওয়া হয়। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীর হাতেও বই ও সনদ তুলে দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, গত ২১ জুলাই শুরু হওয়া এ উৎসবে উপজেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী ও উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা অংশ নেন। তিন পর্বে প্রায় ৩৮টি বই পড়ানো হয়। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় ৭৬০ জন শিক্ষার্থী ও সাধারণ পাঠক অংশ নেন।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলে বইপড়ার পরিবেশ গড়ে উঠবে এবং বিদ্যালয়গুলোর গ্রন্থাগারচর্চা আরও সচল হবে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









