সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম। সেই প্রেমিকাকে জীবনসঙ্গী করার স্বপ্নে নিজের সব সম্পদ বিক্রি করে ১ হাজার ২০০ মাইলেরও বেশি পথ পাড়ি দেন ব্রাজিলের এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, যার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিলেন, সেই প্রেমিকা বাস্তবের কেউ নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৯ বছর বয়সী এডিমার মার্টিন্স পেশায় একজন রাজমিস্ত্রি। টিভি মিরান্তেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামের একটি হিসাবের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘদিন যোগাযোগের পর জেসিকাকে নিজের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন তিনি।
প্রেমিকার সঙ্গে দেখা করা ও একসঙ্গে জীবন গড়ার আশায় গত ৯ অক্টোবর নিজের ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করে বাসভাড়ার টাকা জোগাড় করেন মার্টিন্স। উত্তর-পূর্ব ব্রাজিলের মারানহাও রাজ্য থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তের উদ্দেশে যাত্রা করেন তিনি। ১১ অক্টোবর সেখানে পৌঁছে প্রেমিকার খোঁজ শুরু করেন।
কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়েও দেখা পাননি সেই নারীর। একপর্যায়ে স্থানীয় একটি বেতারকেন্দ্রে গিয়ে তার খোঁজ করলে জানতে পারেন, জেসিকা অলিভেইরা নামে ওই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
এরপর অর্থ ফুরিয়ে গেলে বিপাকে পড়েন মার্টিন্স। শেষ পর্যন্ত বেলো হরিজন্তে সিটি হলে গিয়ে এক সমাজকর্মীর কাছে নিজের দুরবস্থার কথা জানান। পরে বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা পান তিনি।
মার্টিন্স জানান, একাকিত্ব কাটিয়ে জীবনে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার আশায় তিনি এতটা পথ পাড়ি দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন ভেঙে যায়।
প্রতিবেদন অনুযায়ী, জেসিকা অলিভেইরা নামের হিসাবটির অনুসারী ছিল প্রায় তিন লাখ। সেখানে প্রকাশিত একটি ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি নারী চরিত্রটিকে বলতে শোনা যায়, তিনি এমন একজন পুরুষের সন্ধান করছেন, যাকে নিজের খামারে নিয়ে গিয়ে আর্থিকভাবে দেখাশোনা করবেন।
তবে পরবর্তী সময়ে প্রকাশিত আরেকটি ভিডিওতে হিসাবটির পরিচালনাকারী স্বীকার করেন, জেসিকা বাস্তব কোনো নারী নন; তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি চরিত্র। মার্টিন্সের সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগও হয়নি। পরিচালনাকারীর দাবি, বাণিজ্যিক উদ্দেশ্যে অনুসারীর সংখ্যা বাড়ানো এবং দর্শকদের সম্পৃক্ততা তৈরির লক্ষ্যেই হিসাবটি তৈরি করা হয়েছিল।
এত কিছুর পরও ভালোবাসার আশা ছাড়েননি মার্টিন্স। বর্তমানে এক আত্মীয়ের সঙ্গে থাকা এই ব্যক্তি জানিয়েছেন, তিনি আবারও বেলো হরিজন্তে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কোনো চরিত্র নয়, বাস্তব জীবনে একজন সঙ্গী খুঁজতে চান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









