ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। তবে সংশ্লিষ্ট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
অন্যদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
এদিকে রোববার ভোরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজ দুটি ‘অনুমোদনহীন পথে’ চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে বাহিনীটি।
তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের সঙ্গে তেলবাহী জাহাজ দুটির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এর কয়েক দিন আগেও কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা ওই হামলাকে সীমিত পরিসরের বলে উল্লেখ করেন। তাঁর দাবি, এর মাধ্যমে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করা হয়নি।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









