আঞ্চলিক সংঘাত নতুন করে জটিল রূপ নিচ্ছে। ইয়েমেনে ইরানপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি এলাকা থেকে পিছু হটেছে। অন্যদিকে, উপসাগরীয় দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনে হুথিদের অগ্রগতি
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে লড়াই করা সৌদি-সমর্থিত বাহিনী বাব আল-মান্দেব প্রণালি ও এর আশপাশের এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। বাহিনীটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় অস্থায়ী রাজধানী এডেন এবং আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে। বিদ্যমান হুমকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ ফ্রন্টগুলো শক্তিশালী করাই এর উদ্দেশ্য।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে লোহিত সাগরের প্রবেশমুখ থেকে হুথিদের হটিয়ে দেওয়ার জন্য সরকারি বাহিনীর ছয় সপ্তাহের পাল্টা অভিযান কার্যত শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে দ্রুত অগ্রযাত্রার মাধ্যমে হুথিরা লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে নেয়। পরে সৌদি-সমর্থিত বাহিনী অভিযান চালিয়ে প্রণালির আশপাশের কিছু অবস্থান পুনর্দখল করলেও হুথিদের পুরোপুরি সরাতে পারেনি।
সরকারি বাহিনীর পিছু হটার ফলে এডেনের দিকে হুথিদের নতুন করে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হতে পারে। উল্লেখ্য, ২০১৫ সালে হুথিরা রাজধানী সানা দখল করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলীয় এডেনে অবস্থান নেয়।
হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। রোববার তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, একটি আর্থিক কেন্দ্র এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশনে হামলার দাবি করে। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসব হামলার সত্যতা নিশ্চিত করেনি।
বাহরাইনে ইরানের ড্রোন হামলা
এদিকে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ইরানি আকাশযান প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে। সেপ্টেম্বরের পর এই প্রথম বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা প্রতিহত করার কথা জানাল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
বাহরাইন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর। দেশটির কর্তৃপক্ষ হামলার সময় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।
এর দুই দিন আগেও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনী ওই রাডার ধ্বংসের খবর অস্বীকার করে জানায়, তারা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আঞ্চলিক সংঘাত ও জ্বালানি সরবরাহে উদ্বেগ
ইয়েমেনে হুথিদের অগ্রগতি এবং বাহরাইনে ইরানের হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।
বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের মাধ্যমে যাতায়াত করে। অন্যদিকে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এ দুই নৌপথে অস্থিরতা বাড়লে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
ইতোমধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাহাজে হামলা ও মাইন বিস্ফোরণের আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা অব্যাহত রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে হামলা চালানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তবে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থবির থাকায় দ্রুত সংঘাত নিরসনের সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে ইয়েমেনে হুথিদের সামরিক অগ্রগতি, সৌদি আরবের ওপর তাদের হামলা এবং বাহরাইনে ইরানের নতুন করে আক্রমণ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








