সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন রাত সাড়ে ১০টার দিকে এদিনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,‘সিলেটের পুলিশ কমিশনার আমাদের তিন দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।’
এর আগে রাত সাড়ে আটটার দিকে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে তিন দফা দাবিতে আগামীকাল সোমবার ভোর ছয়টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিল পরিবহন শ্রমিকদের কয়েকটি সংগঠন। গত শনিবার পৃথক সভা করে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনগুলো। সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কর্মসূচি সফল করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছিল।
শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করা।
এ ছাড়া নগর থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর দেওয়ার দাবিও জানিয়েছেন শ্রমিক নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








