ইরাকের দক্ষিণাঞ্চলীয় বাসরা শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, বাসরা শহরের উত্তরে অবস্থিত হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ইরাকের নিরাপত্তা গণমাধ্যম সেলের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহতদের বেশির ভাগই আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর বাসিন্দা। তাদের অনেকে দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহকারী একটি পাইপলাইন এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। বিস্ফোরণের কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্ত করতে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
হারথা বিদ্যুৎকেন্দ্রটির স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে অগ্নিকাণ্ডের আগে কেন্দ্রটি প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
ঘটনাস্থলের ছবিতে গ্যাস পাইপলাইনের বেশ কয়েকটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। আশপাশের মাটি কালো হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরে বিনিয়োগের ঘাটতি ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের সমস্যায় ভুগছে। বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়ে। এর আগে বিভিন্ন বিদ্যুৎ উপকেন্দ্র ও স্থাপনায় আগুন এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









