কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আধিপত্য প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চললেও সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একমত হয়েছেন দেশ দুটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিন পিং।
শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা জানিয়েছেন।
চীনের শেনজেনে সি চিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক শেষে যুক্তরাষ্ট্রে ফিরে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, এশিয়া সফরে ট্রাম্পের অন্যতম বড় অর্জন ছিল এই সমঝোতা।
বেসেন্ট বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট সি একমত হয়েছেন যে সামরিক ক্ষেত্রে এআই যে সিদ্ধান্তই নিক না কেন, সেখানে সব সময় মানুষের অংশগ্রহণ থাকতে হবে। বড় ধরনের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে এআইকে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’
এআই প্রযুক্তিকে বোঝাতে ট্রাম্প প্রশাসন ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘অতিবুদ্ধিমত্তা’ শব্দটি ব্যবহার করে।
বেসেন্ট বলেন, এআইয়ের শ্রেষ্ঠত্ব অর্জনে দুই দেশের প্রতিযোগিতা থাকলেও সামরিক ক্ষেত্রে প্রযুক্তিটির ব্যবহারে মানবীয় নিয়ন্ত্রণ ও অন্যান্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের সমঝোতা অটুট থাকবে।
তবে সাইবার হামলায় ব্যবহৃত হচ্ছে—এমন ‘বিপজ্জনক’ চীনা এআই মডেল মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এ ক্ষেত্রে মার্কিন এআই গবেষণাগারগুলোর অগ্রগামিতা বজায় রাখা সবচেয়ে ভালো প্রতিরক্ষা।
বেসেন্ট বলেন, ‘তবে এখানে প্রতিযোগিতার কোনো বিষয় নেই। দুই পক্ষই একমত যে মানুষের অংশগ্রহণ ছাড়া বড় কোনো সামরিক অভিযান শুরু করা উচিত নয়।’
এনভিডিয়া চিপ নিয়ে চীনের অবস্থান
এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এবং তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত এক চীনা নাগরিককে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়টি ট্রাম্প-শি বৈঠকে আলোচিত হয়নি বলে জানান বেসেন্ট। তিনি বলেন, ট্রাম্পের কঠোর অবস্থানের পরও লাইসেন্সের মাধ্যমে চীনের কেনার সুযোগ থাকা সবচেয়ে উন্নত এআই চিপ এখনো এনভিডিয়ার দ্বিতীয় সারির এইচ২০০ মডেল।
বেসেন্টের বলেন, নিজস্ব চিপ প্রযুক্তির পুরো কাঠামো গড়ে তুলতে চীন চেষ্টা চালাচ্ছে। এ কারণে এইচ২০০ চিপের জন্য দেশটি খুব বেশি অর্ডার দিচ্ছে না। প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে সম্ভবত বহু বছর পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ নিয়ে অর্থমন্ত্রী বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মধ্যে মতপার্থক্যের খবরও উড়িয়ে দেন তিনি। বেসেন্ট বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সবাই প্রেসিডেন্টের নির্দেশনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
চীনের উন্নত এআই চিপ ব্যবহারের সুযোগ আরও সীমিত করতে সোমবার নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। এর আওতায় বিদেশের ডেটা সেন্টারগুলোতে চীনা প্রতিষ্ঠানগুলোর ভাড়া করা কম্পিউটিং সক্ষমতার মাধ্যমে উন্নত চিপ ব্যবহারের সুযোগও সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসেন্ট বলেন, ‘আমার মনে হয়, যথাযথ চিপ বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে এবং দূর থেকে এসব চিপ ব্যবহারের সুযোগও সীমিত করা হয়েছে।’
বাণিজ্য আলোচনা এগোলেও সুনির্দিষ্ট ঘোষণা নেই
ট্রাম্প ও শি বাণিজ্যনীতি নিয়ে ‘বিস্তৃত আলোচনা’ করেছেন বলে জানান বেসেন্ট। তবে আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু বলেননি।
ট্রাম্পের এশিয়া সফরের আগে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দেশের ‘বোর্ড অব ট্রেড’ প্রক্রিয়া নিয়ে কোনো চুক্তি ঘোষণা করা হবে না। এই প্রক্রিয়ায় দুই দেশ একে অপরের কাছ থেকে আমদানি করা প্রায় ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। এর মধ্যে চীনের ক্ষেত্রে রয়েছে কিছু কৃষিপণ্য এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মূলত ভোগ্যপণ্য।
ট্রাম্প অবশ্য ১৯ নভেম্বর বলেছিলেন, বোর্ড অব ট্রেড প্রক্রিয়া যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের মধ্যে ‘আরও ভারসাম্য’ এনেছে।

আমদানি শুল্ক কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত এবং দুই দেশের মধ্যে বিদ্যমান শুল্কবিরতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। মিয়ামিতে জি২০ নেতাদের সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিন পিংয়ের সম্ভাব্য চতুর্থ বৈঠকে এসব বিষয়ে অগ্রগতি হতে পারে।
বেসেন্ট বলেন, ট্রাম্প ও শি জিন পিংয়ের পরবর্তী বৈঠক এবং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বিষয়ে তিনি ‘বাস্তববাদী দৃষ্টিভঙ্গি’ নিয়ে এগোচ্ছেন।
চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চায় না যুক্তরাষ্ট্র। তবে ঝুঁকি কমাতে চায় ওয়াশিংটন। বেসেন্টের ভাষায়, ‘আমরা শুধু ঝুঁকি কমাতে চাই।’



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









