সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বলছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই

ইরান যুক্তরাষ্ট্রে হামলা চালাবে—এমন গোয়েন্দা তথ্য ছিল না

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম

আপডেট: ০২ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম

ইরান যুক্তরাষ্ট্রে হামলা চালাবে—এমন গোয়েন্দা তথ্য ছিল না

কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে, ইরান আগে থেকেই মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল—এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। বিষয়টি সম্পর্কে অবগত এমন দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

এর আগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায়। এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, ইরানের কয়েকটি যুদ্ধজাহাজ ডুবে যায় এবং এক হাজারের বেশি স্থানে হামলা করা হয়। তবে রোববার কংগ্রেসে দেওয়া এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পক্ষে দেওয়া একটি গুরুত্বপূর্ণ যুক্তিকে দুর্বল করেছে বলে মনে করা হচ্ছে।

রয়টার্স জানায়, মার্কিন কংগ্রেসের রুদ্ধদ্বার এক ব্রিফিংয়ে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বাহিনীগুলো মার্কিন স্বার্থের জন্য ‘আসন্ন হুমকি’ ছিল ঠিকই, কিন্তু তেহরান আগে থেকে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল— এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। এই বিষয়ে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই খবরটি প্রকাশ করেছে।

পেন্টাগনের এই তথ্য ট্রাম্প প্রশাসনের আগের দাবির ওপর বড় ধরনের সন্দেহ তৈরি করেছে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, তেহরান মার্কিন বাহিনীর ওপর ‘প্রতিরোধমূলক’ (প্রি-এমপ্টিভ) হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে ইঙ্গিত ছিল। 

এর এক দিন আগে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর ওপর ইরান ‘আগাম হামলা’ চালাতে পারে—এমন ইঙ্গিত পাওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সিদ্ধান্ত নেন।

কর্মকর্তাদের একজন বলেন, ট্রাম্প ‘চুপচাপ বসে থেকে ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর ওপর হামলা হতে দেবেন না।’

হোয়াইট হাউসের মুখপাত্র ডিলান জনসন জানান, পেন্টাগনের কর্মকর্তারা সিনেট ও হাউসের জাতীয় নিরাপত্তা কমিটির ডেমোক্র্যাট ও রিপাবলিকান স্টাফদের ৯০ মিনিটের বেশি সময় ধরে ইরানে চালানো হামলার পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন।

বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অঞ্চলজুড়ে সক্রিয় তাদের মিত্র বাহিনী যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তবে তেহরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে—এমন কোনো গোয়েন্দা তথ্য ছিল না বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র রয়টার্সকে জানিয়েছে।

এদিকে ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহ ধরে চলতে পারে এই হামলা; এর লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনা এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি হুমকি দূর করা।

তিনি ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর আহ্বানও জানান।

অন্যদিকে ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ শুরু করেছেন। মধ্যস্থতাকারী ওমান শান্তি আলোচনা এখনও সম্ভব বলে জানালেও, সেই আলোচনা থেকে সরে আসার পক্ষে ট্রাম্প যে যুক্তি দিয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ইরান খুব শিগগিরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা করার সক্ষমতা অর্জনের পথে ছিল।

তবে তার এ দাবি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সমর্থন পায়নি এবং বিষয়টি অতিরঞ্জিত মনে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.