ইরানের প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন চোটে আহত হলেও বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।
বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউসেফ পেজেশকিয়ান বলেন, ‘আমি খবর পেয়েছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হলেও তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিন দিন আগে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। মোজতবা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই এই খবর এল।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই মোজতবা খামেনি আহত হয়েছিলেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









