সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাকিস্তানের গোলাবর্ষণে তিন শিশুসহ নিহত ৪

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

পাকিস্তানের গোলাবর্ষণে তিন শিশুসহ নিহত ৪

আফগান কর্মকর্তারা জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে আফগানিস্তানের পূবাঞ্চর্লে তিন শিশু ও এক নারী নিহত হয়েছেন। গত এক সপ্তাহে দুই দেশের সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানে মোট ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে এ গোলাবর্ষণের ঘটনা ঘটে। আফগানিস্তানের খোস্ত প্রদেশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুস্তাগফির গুরবুজ এএফপিকে বলেন, ‘স্থানীয় সময় গত রাত ১২টা নাগাদ পাকিস্তানি বাহিনী গুরবুজ জেলার নারি গ্রামে মর্টার শেল নিক্ষেপ করে। এতে এক নারী ও এক শিশু নিহত হয়। বাজার, একটি স্বাস্থ্যকেন্দ্র ও আরেকটি গ্রামেও শেল নিক্ষেপ করা হয়। এতে এক নারীসহ চার জন আহত হন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।’

খোস্তের গভর্নর দপ্তর এক বিবৃতিতে জানায়, রোববার রাতে খোস্তের আফগান দুবাই এলাকায় পাকিস্তানি মর্টার শেল বিস্ফোরণে আরও দুই শিশু নিহত হয়েছে।

সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, রোববার পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে একটি ‘বেসামরিক বাড়িতে গোলা আঘাত হানলে একজন নিহত হন।

দুর্গম এলাকা হওয়ায় আফগানিস্তান ও পাকিস্তান—দুই দেশেই হতাহতদের তথ্য তাৎক্ষণিক ও স্বাধীনভাবে যাচাই করা কঠিন। উভয় পক্ষই দাবি করে, তারা বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালায় না।

তবে শুক্রবার আফগানিস্তানে জাতিসংঘের মিশন নিশ্চিত করেছে, গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ তীব্র হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ৭৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার সীমান্ত সংঘর্ষ হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, এই চলমান সংঘাতের কারণে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

রবিবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, তারা ২০ সহস্রাধিক বাস্তুচ্যুত আফগান পরিবারের কাছে জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া শুরু করেছে।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ‘আরও অস্থিরতা তৈরি হলে, লাখো মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়বে।’

সূত্র: এএফপি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.