রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেক্সিকোতে সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

মেক্সিকোতে সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোভিত্তিক মাদক পাচারকারী গ্যাং নির্মূলের অজুহাতে দেশটিতে স্থল অভিযান শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বছরের পর বছর ধরে মেক্সিকোর অপরাধী গ্যাংগুলো যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক ও অবৈধ অভিবাসী পাচার করছে। গত কয়েক মাস ধরে আমরা সাগরপথে অভিযান চালিয়ে ৯৭ শতাংশ মাদক পাচার ঠেকাতে সক্ষম হয়েছি। এখন সময় এসেছে এসব গ্যাংয়ের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর। খুব শিগগিরই মেক্সিকোতে স্থল অভিযান শুরু হতে যাচ্ছে।”

তিনি আরও দাবি করেন, “এই মাদক গ্যাংগুলোই এখন মেক্সিকো চালাচ্ছে। দেশটিতে যা ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক।”

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ান সাগরে মেক্সিকান মাদক পাচারকারী গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী।

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, সেই অভিযানে এ পর্যন্ত ১১৫ জন নিহত এবং ৩৫টি নৌযান ধ্বংস করা হয়েছে, যেগুলো সবই মেক্সিকান মাদক গ্যাংগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।

৩ ডিসেম্বর গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের আদালতেই এসব অভিযোগের বিচার হবে বলে জানানো হয়েছে।

মাদুরোকে আটকের পরদিনই কলম্বিয়া, মেক্সিকো ও কিউবায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

তবে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারিকে সরাসরি খারিজ করে দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। শুক্রবার মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,“আমার অনুমোদন ছাড়া মেক্সিকোর মাটিতে কোনো সামরিক অভিযান হতে পারে না। আমরা যুক্তরাষ্ট্রকে আবারও স্পষ্ট করে বলতে চাই মেক্সিকো সহযোগিতায় বিশ্বাস করে, অধীনতা বা আগ্রাসনে নয়।”

ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে লাতিন আমেরিকাজুড়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: সিএনবিসি

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.