ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে তোলা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে বিধাননগর বিশেষ আদালতে হাজির করানো হয় তাদের ।
এর আগে চলতি মাসের ৭ তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।
পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স পিএসয়ের লকআপে রাখা হয়। সেখান থেকেই তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে এদিন তাকে সরাসরি বিচারকের সামনে হাজির করা হয়নি।
আর কিছুক্ষণ বাদে জানা যাবে, বাকি দুই অভিযুক্তর ব্যাপারে কি রায় দেন বিধাননগর আদালত।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ করে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।
১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









