বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি দল

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি দল

ঘণ্টার পর ঘণ্টা শ্বাসরুদ্ধকর আলোচনা এবং কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টার পরও কোনো ধরনের সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি দল। 

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ০৮ মিনিটে ইরানের সঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এয়ার ফোর্স টু-তে চেপে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিমানটি ইসলামাবাদ থেকে উড্ডয়নের আগে তিনি সিঁড়ির উপর থেকে হাত নাড়েন। তিনি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এখন ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন।

যাওয়ার আগে প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন (থাম্বস আপ) করে বিদায় নেন তিনি।

এর আগে, সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স জানান, ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি বলেন, দুসংবাদ হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর। আমরা আমাদের ‘রেড লাইন’ বা সীমারেখা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। বিশেষ করে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে আমরা যে নিশ্চয়তা চেয়েছিলাম, তারা তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

ভ্যান্স আরও জানান, আলোচনা চলাকালীন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত ছয়বার ফোনে কথা বলেছেন এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া কঠোর অবস্থান বজায় রেখেছেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। পাকিস্তানে অনুষ্ঠিত এই ‘ইসলামাবাদ টকস’-এর ওপর নির্ভর করছিল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভবিষ্যৎ এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা। বর্তমানে বিশ্ববাজারে ২০ শতাংশ জ্বালানি সরবরাহকারী ‘হরমুজ প্রণালি’ ইরানের নিয়ন্ত্রণে অবরুদ্ধ থাকায় তেলের দাম আকাশচুম্বী এবং বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে।

ইরানের প্রতিক্রিয়া ও আশাবাদ
মার্কিন প্রতিনিধি দল চলে গেলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে ইঙ্গিত দিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইরান সরকার জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে এবং এখন উভয় পক্ষের প্রযুক্তিগত বিশেষজ্ঞরা নথিপত্র বিনিময় করবেন। কিছু বিষয়ে গুরুতর মতভেদ থাকলেও আলোচনা অব্যাহত থাকবে বলে ইরান দাবি করেছে, যদিও পরবর্তী বৈঠকের কোনো দিনক্ষণ জানানো হয়নি।

মধ্যস্থতায় পাকিস্তান
পাকিস্তানের সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শেষ মুহূর্তে দুই ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠকে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন।

এই বৈঠক ব্যর্থ হওয়ায় গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়লো।

সূত্র: দ্য গার্ডিয়ান

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.