যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করে দেখছেন তিনি। তবে তেহরান ‘খারাপ ব্যবহার’ করলে ওয়াশিংটন আবার বিমান হামলা শুরু করতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, তাকে ‘চুক্তির ধারণা’ সম্পর্কে অবহিত করা হয়েছিল।
আল জাজিরা লিখেছে, কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ফের সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে স্বভাবসুলভাবে স্পষ্ট মনোভাব প্রকাশ করেছেন। দুই পক্ষ ৭ এপ্রিল থেকে থেকে শুরু হওয়া একটি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সংঘাত থেমে আছে।
হামলা আবার শুরু হতে পারে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “তারা যদি খারাপ কিছু করে, তাহলে তেমনটি হওয়ার সম্ভাবনা আছে।”
তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র অনেক ভালো করছে’ আর দাবি করেন, কয়েক মাসের যুদ্ধ ও নৌ-অবরোধে ইরান ‘ধ্বংস’ হয়ে গেছে, তাই একটি মীমাংসার জন্য তারা মরিয়া হয়ে আছে।
এর আগে গতকাল ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের কাছে যে পরিকল্পনা (শান্তি প্রস্তাব) পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না। কারণ গত ৪৭ বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে, তার জন্য তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি।’
ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এই মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাবে কী কী বিষয় রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের এ বক্তব্যের পর দুদেশের চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









