ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট নতুন উত্তেজনা দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিকে আবারও ভাঙনের মুখে ঠেলে দিয়েছে।
সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শত্রুতা শুরু হয়েছে। এদিন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আর ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সামরিক শক্তির কথা তুলে ধরে ফের ইরানকে হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, “আগে যা ছিল তার তুলনায় আমাদের কাছে অনেক বেশি আর অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ আছে।
প্রয়োজনে এসব শক্তির পূর্ণ ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার মার্কিন সামরিক বাহিনী ‘প্রোজেক্ট ফ্রিডম’ নাম দেওয়া ট্রাম্পের একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এ পরিকল্পনায় জাহাজগুলোকে পাহারা দিয়ে হরমুজ প্রণালি পার করার ও কৌশলগত জলপথটিতে ইরানি অবরোধ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









