ফিলিপাইনে মায়োন আগ্নেয়গিরি-এর ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর ছড়িয়ে পড়া ছাই, পাথর এবং কাচের মতো ক্ষুদ্র কণায় আশপাশের বিস্তীর্ণ এলাকা ঢেকে গেছে। অগ্ন্যুৎপাতের সময় এসব পদার্থ প্রায় এক কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে পরে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে।
দেশটির সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে মোট ৮৭টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তত ১ হাজার ৪৩৮টি পরিবার বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। পাশাপাশি আরো ২৬টি পরিবারকে নিজ এলাকায় থেকেই সহায়তা দেওয়া হচ্ছে। ছাই ও গরম পাথরের কারণে একটি শহর এবং দুটি ছোট শহর পুরোপুরি ছাইয়ের স্তরে ঢেকে গেছে।
খালিজ টাইমস জানায়, গত শনিবার ঘটে যাওয়া এই অগ্ন্যুৎপাত জানুয়ারির পর সবচেয়ে শক্তিশালী ছিল।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিস্ফোরণে প্রচুর ছাই, পাথর ও কাচের কণা বাতাসে ছড়িয়ে পড়ে এবং পরে তা নিচের জনবসতিতে জমা হয়।এরপর থেকে স্থানীয় বাসিন্দা ও সরকারি সংস্থাগুলো মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার এলাকা এখনো ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। তাই ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









