দীর্ঘ ২৭ বছর ধরে ১৩ সদস্যের একটি কমিটির নিয়ন্ত্রণে ছিল কিশোরগঞ্জের কটিয়াদী প্রেস ক্লাব। সম্প্রতি ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কটিয়াদী প্রেস ক্লাব কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কটিয়াদীর ঐতিহ্যবাহী প্রায় ৪০০ বছরের পুরোনো ঢাকের হাট পরিদর্শন করেন।
জালাল উদ্দিন বলেন, ‘‘অপপ্রচারের জবাব কথায় নয়, কাজের মাধ্যমে দিতে হবে।’’ নতুন কমিটি সাংবাদিকতার মানোন্নয়ন ও প্রেস ক্লাবের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘‘প্রেস ক্লাবের কমিটি গঠন করার মতো ক্ষমতা আমার নেই। কটিয়াদীর সাংবাদিকেরা নিজেরাই একটি কমিটি গঠন করেছেন। আমি শুধু সেই কমিটির দেখলাম। অথচ এ বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের জবাব নতুন কমিটিকে কাজের মাধ্যমে দিতে হবে।’’
প্রেস ক্লাবের অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কটিয়াদী প্রেস ক্লাবের জন্য জায়গা দিয়েছিলেন। অথচ প্রেস ক্লাব কার্যালয়ে তার কোনো ছবি নেই।’’ দীর্ঘ ২৭ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও কটিয়াদী প্রেস ক্লাবের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে তিনি মন্তব্য করেন।
কটিয়াদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু এবং কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









