ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। এর সাথেই শেষ হলো মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের অধ্যায়ের। ২০১১ সালে তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে টানা তিনবার এ দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল আর এন রবি এক বিবৃতিতে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।”
গত ৪ মে পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে ২০০ এর বেশি আসনে জয় পায় বিজেপি। এর ফলে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের সুযোগ পায় দলটি।
তবে প্রথা অনুযায়ী মমতা বন্দোপাধ্যায় রাজভবনে গিয়ে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। এতে করে সেখানে সাংবিধানিক সংকট তৈরির শঙ্কা তৈরি হয়। তবে এর আগেই বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। এখন নতুন মন্ত্রিসভা নির্বাচিত হবে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কাউকে নির্বাচন করা হবে।
এদিকে সরকার গঠনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনায় থমথমে ভারতের পশ্চিমবঙ্গ। এরই মধ্যে হত্যায় জড়িত সন্দেহে তিন জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি বাড়ি-ঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









