থাইল্যান্ডের ধনকুবের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে তিনি দেশটির রাজধানী ব্যাংককের ক্লোংপ্রেম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।
থাকসিনকে স্বাগত জানাতে কারাফটকে হাজির হন তাঁর পরিবারের সদস্য ও সমর্থকেরা। তিনি বেরিয়ে এসে পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন। সেখানে থাকসিনের মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা উপস্থিত ছিলেন। থাকসিন নিজের দল ফিউ থাই পার্টি ও রেড-শার্ট সমর্থকদের অভিবাদন জানান।
রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন হাসপাতালে থাকার মাধ্যমে কারাদণ্ডের যে মেয়াদ তিনি এড়ানোর চেষ্টা করেছিলেন আদালত তাকে তা ভোগ করার আদেশ দেওয়ার আটমাস পর সোমবার মুক্তি পান তিনি।
৭৬ বছর বয়সী এ ধনকুবের ২৫ বছর ধরে থাইল্যান্ডের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে ছিলেন। এ সময় দেশটির রাজনীতির ধরন অনেকটা পাল্টে দেন তিনি। কিন্তু তিনি কারাগারে যাওয়ার পর ও চলতি বছরের প্রথমদিকে অনুষ্ঠিত নির্বাচনে তার এক সময়ের শাক্তিশালী রাজনৈতিক দল ফু থাই পার্টি রেকর্ড বাজে ফলাফল করার পর তার প্রভাব অনেকটা হ্রাস পায়।
থাকসিনের মুক্তি উপলক্ষ্যে তার শত শত সমর্থক কারাগারের সামনে জড়ো হয়েছিল। তাদের অনেকের পরনে ছিল পার্টির বৈশিষ্ট্যমন্ডিত লাল শার্ট। থাকসিন বের হওয়ার মাত্রই তারা ‘আমরা থাকসিনকে ভালোবাসি’ বলে শ্লোগান তোলেন।
‘তিনি কেমন বোধ করছেন’, এক সাংবাদিকের এমন প্রশ্নে থাকসিনকে হাত মাথার উপরে তুলেন আর জানান, তিনি ‘স্বস্তিবোধ’ করছেন।
থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ এ এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দীর্ঘদিন বিদেশে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। ২০২৩ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতজনিত কর্মকাণ্ডের জন্য পাওয়া আট বছরের কারাদণ্ড ভোগ করতে দেশে ফিরে আসেন। তার ফিরে আসার দিনটিতেই ফু থাই দলের প্রার্থী থাইল্যান্ডের পার্লামেন্ট কর্তৃক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়।
এরপর কারাগারে একদিনও না রেখে তাকে ব্যাংককের একটি হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। তিনি হৃদযন্ত্রের সমস্যা ও বুক ব্যথার অভিযোগ জানিয়েছিলেন। পরে থাইল্যান্ডের রাজা তার সাজার মেয়াদ কমিয়ে এক বছর করে দেন। এরপর প্যারোলো মুক্তি পাওয়ার আগে থাকসিন ছয়মাস হাসপাতালে থাকেন।
এ সময় সুপ্রিম কোর্ট এক আদেশে বলে, থাকসিন ও তার চিকিৎসকরা ছোটখাট ও অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে তার হাসপাতালে অবস্থানকে দীর্ঘায়িত করেছে, তাই তাকে সেই সময়টা আবার কারাগারে কাটাতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









