পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যে দেশবাসীকে সাশ্রয়ের বার্তা দেওয়ার এক সপ্তাহের মাথায় এবার জ্বালানি সাশ্রয়ের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর সরকারি কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই নির্দেশ স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে পাঠানো হয়েছে।
জ্বালানি সাশ্রয় ও মিতব্যয়িতা নীতির অংশ হিসেবে নিজের গাড়িবহরে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত রেখে কনভয়ের গাড়ির সংখ্যা কমানো হবে। পেট্রল বা ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে হবে। তবে নতুন কোনও গাড়ি কেনার অনুমতি নেই। কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এসপিজি তার বাস্তবায়ন শুরু করেছে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি মোদী দেশবাসীর প্রতি সাশ্রয়ী জীবনযাপন এবং জাতীয় সম্পদের সুরক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি জনগণকে জাতীয় দায়িত্বশীল জীবনধারা অনুসরণের আহ্বান জানিয়ে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সবকিছুর জন্য আমদানির ওপর নির্ভর করলে দেশ কীভাবে এগোবে?
বিদেশি মুদ্রার ওপর চাপ কমাতে এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনাকাটা এড়িয়ে চলার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের অনুষ্ঠান আয়োজন থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করাও দেশপ্রেমের অংশ। এজন্য তিনি দেশের ভেতরে পর্যটন ও উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









