যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনাদের যৌথ অভিযানে গতকাল শুক্রবার ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প লেখেন, ‘‘আজ রাতে, আমার নির্দেশে সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান পরিচালনা করেছে। এর লক্ষ্য ছিল, বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা।’’
তিনি পোস্টে আরও লেখেন, ‘‘অভিযানের লক্ষ্যবস্তু ‘আবু-বিলাল আল-মিনুকি, আইএসআইএসের বৈশ্বিক ‘সেকেন্ড-ইন-কমান্ড’। তিনি আর আফ্রিকার মানুষদের আতঙ্কিত কিংবা মার্কিনদের লক্ষ্য করে হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারবেন না।’’
নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে ট্রাম্পের প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়া এবারই প্রথম নয়। তিনি পশ্চিম আফ্রিকার দেশটিতে খ্রিষ্টানদের ওপর নির্যাতনের অভিযোগও করেছেন।
গত ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, ‘‘তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে একটি ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলার’ নির্দেশ দিয়েছেন। তারা নিরীহ খ্রিষ্টানদের হত্যা করেছে।’’
সূত্র: সিএনএন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









