যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমানটিতে থাকা চার ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুটি জেটের মধ্যে সংঘর্ষের পর সেগুলোর অংশ বিশেষ ভেঙে মাটিতে পড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও এমন দৃশ্য দেখা গেছে।
প্রদর্শনীটির আয়োজন করা হয়েছিল পশ্চিম আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স ঘাঁটিতে। আয়োজকরা জানান, জেট চালানোর ইতিহাস উদযাপন ও আধুনিক সামরিক সক্ষমতা তুলে ধরা ছিল প্রদর্শনীর উদ্দেশ্য।
আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান সিলভার উইংস অব আইডাহোর বিপণন পরিচালক কিম সাইকস জানান, তিনি নিজে দুর্ঘটনাটি সরাসরি দেখেননি। তবে পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেছেন। দুর্ঘটনাটি বিমান ঘাঁটির বাইরে ঘটেছে।
সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানঘাঁটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিমান দুটিতে থাকা ক্রু সদস্যরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
দুর্ঘটনায় জড়িত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









