এক দশক আগে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় গার্মেন্ট কর্মী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রেজাউল করিম মাদবরকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২১ মে) এ রায় ঘোষণা করেন ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জিয়াউল হক (জিয়া) বলেন, ‘দণ্ডের পাশাপাশি আসামি রেজাউলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।’
মামলার বিবরণ অনুযায়ী, ৮ বছরের এক মেয়েকে নিয়ে জিরাবো এলাকায় থাকতেন রেজাউল ও সিমা আক্তার দম্পতি। সিমা পোশাক কারখানায় কাজ করতেন। তবে রেজাউল কোনো কাজ করতেন না। সিমা কাজের কথা বললে তাকে মারধর করতেন স্বামী।
পারিবারিক বিরোধের জেরে ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোরে সিমাকে মাথায় আঘাত ও গলা কেটে হত্যা করে রেজাউল। পালানোর সময় বাড়ির মালিক তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় সিমার বাবা জাহিদুল ইসলাম ওই দিনই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় রেজাউল।
মামলাটি তদন্ত করে আশুলিয়া থানার এসআই ওমর ফারুক ওই বছরের ৩১ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৭ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে।
রেজাউল পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেনি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









