মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মামলার পেপারবুক (বৃত্তান্ত) তৈরি করে তা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) সরকারি ছাপাখানা থেকে ছাপানো পেপারবুক হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জানা গেছে, খুব শিগগিরই হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হতে পারে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন। ওই বেঞ্চেই আছিয়া ও রামিসার মতো আলোচিত মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে মামলার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে প্রধান বিচারপতি শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন।
উল্লেখ্য, মাগুরার এই আলোচিত মামলায় গত বছরের ১৭ মে রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
পরবর্তীতে ২১ মে বিচারিক আদালতের রায়সহ প্রয়োজনীয় নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে গ্রহণ করা হয়। একই বছরের ২৫ জুন হিটু শেখ হাইকোর্টে আপিল করেন। ১ জুলাই হাইকোর্ট সেই আপিল গ্রহণ করে এবং তার বিরুদ্ধে দেওয়া অর্থদণ্ড স্থগিত করেন।
আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এ প্রক্রিয়াকে ডেথ রেফারেন্স বলা হয়। সাধারণত ডেথ রেফারেন্স, আপিল এবং অন্যান্য আবেদন একসঙ্গে শুনানি হয়ে থাকে।
এই শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরি করা হয়, যেখানে মামলার এজাহার, সাক্ষ্য, অভিযোগপত্র ও বিচারিক রায়ের বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









